পবিত্র মাহে রমজানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র ইফতার পার্টির অন্যতম জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে। মেঘনা নদীর তীরে খোলামেলা ও নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ থাকায় প্রতিদিনই বন্ধু-বান্ধব, পরিবার ও বিভিন্ন স্কুলের ব্যাচভিত্তিক ইফতার আয়োজন করা হচ্ছে। তবে ইফতার শেষে অনেকেই ময়লা-আবর্জনা পরিষ্কার না করেই চলে যাওয়ায় পর্যটন কেন্দ্রজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে।
আজ শনিবার সরেজমিনে দেখা যায়, পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থানে পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ নানা বর্জ্যের স্তূপ পড়ে রয়েছে। অনেক জায়গায় এসব আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর তীরেও ময়লা জমে থাকায় সেগুলো মেঘনা নদীর পানিতে মিশে পানি দূষণের ঝুঁকি তৈরি করছে এবং জলজ প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয়রা জানান, রমজান মাসজুড়ে প্রতিদিন কয়েক শতাধিক মানুষ এখানে ইফতার পার্টির আয়োজন করেন। কিন্তু অনুষ্ঠান শেষে অধিকাংশই ময়লা নির্দিষ্ট স্থানে না ফেলে ফেলে রেখে চলে যান। এতে পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধে ভোগান্তিতে পড়তে হচ্ছে দর্শনার্থীদের। এ অবস্থায় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ষাটনল ইউনিয়ন ছাত্রদল ও গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজ। রমজানের দ্বিতীয় দিনে ছাত্রদলের উদ্যোগে পর্যটন কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অন্যদিকে ২ মার্চ দুপুরে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নয়াকান্দিতে অবস্থিত গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজের ৪৫ জন শিক্ষার্থী ও শিক্ষক পর্যটন কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। দর্শনার্থীদের সচেতন করতে সেখানে বিভিন্ন স্থানে ব্যানার টানানো হয়, যেখানে লেখা ছিল, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ আগে সরকারিভাবে ষাটনলকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও এখনো এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। পর্যাপ্ত ডাস্টবিন ও ব্যবস্থাপনা না থাকায় ময়লা-আবর্জনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে স্থানটিকে একটি আধুনিক পর্যটনকেন্দ্রে রূপ দেওয়ার দাবি জানান। এদিকে সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজার হাজার পর্যটক এখানে আসবেন বলে ধারণা করা হচ্ছে। তাই পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষায় দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসাইন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ সচেতন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যেই শিক্ষার্থীদের নিয়ে আমরা পর্যটন কেন্দ্র পরিষ্কার করেছি এবং সচেতনতামূলক ব্যানার স্থাপন করেছি। মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাফি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি সামাজিক দায়িত্ব। তাই রমজানের দ্বিতীয় দিনে আমরা এ কার্যক্রম শুরু করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পর্যটন কেন্দ্র পরিষ্কার রাখার কার্যক্রম চলমান রয়েছে। ঈদের আগের দিন পুরো এলাকা পরিষ্কার করা হবে বলেও তিনি জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
