৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নতুন দায়িত্বে ইতোমধ্যে কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুনিম সোহানা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) হিসেবে কর্মরত রয়েছেন। মাঠ প্রশাসনে দায়িত্ব পালনে তার দৃঢ়তা ও নিষ্ঠা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সরকারি কর্ম কমিশন ৪৩তম বিসিএসে মোট ২ হাজার ৮০৫ জনকে ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশ করে। সেই তালিকায় প্রশাসন ক্যাডারে স্থান করে নেন সুনিম সোহানা। তিনি পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ফরেস্ট্রি ও এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগে। অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর প্রথমবার ৪১তম বিসিএসে অংশ নিয়ে ফরেস্ট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তবে প্রশাসনের প্রতি দীর্ঘদিনের আগ্রহ থেকে পুনরায় প্রস্তুতি নিয়ে ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিজের স্বপ্ন পূরণ করেন।
পরিবার থেকেই তিনি পড়াশোনার অনুপ্রেরণা পান। বিশেষ করে মায়ের ত্যাগ ও কঠোর পরিশ্রম তাকে ছোটবেলা থেকেই শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়। প্রাথমিক ও জেএসসি পর্যায়ে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন এবং এসএসসিতে জিপিএ-৫ সহ জেলায় মেধা তালিকায় স্থান লাভ তার অধ্যবসায়ের প্রমাণ বহন করে।
নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণের পর তিনি রাজস্ব শাখায় কঠোরভাবে আইন প্রয়োগ ও ভূমি সংক্রান্ত কার্যক্রম তদারকি করছেন। অবৈধ দখল প্রতিরোধ, খাস জমি রক্ষা ও নামজারি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ও তাজেক প্রধান কেন্দ্রসহ বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রে তিনি কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। নির্বাচনের সময় সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে তার তৎপরতা প্রশংসিত হয়।
স্থানীয়দের মতে, দায়িত্ব পালনে তিনি দৃঢ়, ন্যায়পরায়ণ ও আপসহীন। প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার অবস্থান স্পষ্ট। রাজস্ব শাখায় নিয়মিত অভিযান ও তদারকির মাধ্যমে সরকারি স্বার্থ সংরক্ষণেও তিনি সক্রিয়।
নিজের সফলতা প্রসঙ্গে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনগণের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মাঠ প্রশাসনে তার সক্রিয় উপস্থিতি ও দৃঢ় অবস্থান ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
