দেশের মূল্যবান সম্পদ টাকার নোট সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না বাস্তবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর অধিকাংশ শাখায় এখনো টাকার বান্ডেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে শক্ত স্ট্যাপলার পিন, যার ফলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কাগুজে নোট এবং বাড়ছে সাধারণ গ্রাহকের দুর্ভোগ। বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা অনুযায়ী, টাকার বান্ডেল বাঁধতে স্ট্যাপলার ব্যবহার না করে রাবার ব্যান্ড বা কাগজের ফিতা ব্যবহারের কথা বলা হয়েছে।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ ব্যাংকে এই নির্দেশনা অমান্য করে নিয়মিতভাবে স্ট্যাপলার পিন দিয়ে বান্ডেল করা হচ্ছে, যা নোটের মাঝখানে ছিদ্র তৈরি করে এবং সামান্য টান দিলেই ছিঁড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। গ্রাহকদের অভিযোগ, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় বান্ডেলের ওপর ও নিচে ভালো নোট রেখে মাঝখানে ছেঁড়া বা দুর্বল নোট গুঁজে দেওয়া হয়। ফলে টাকা গ্রহণের সময় সমস্যা ধরা না পড়লেও পরে লেনদেনের সময় বড় ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। অনেক ক্ষেত্রে দোকানদার বা অন্য গ্রাহক ছেঁড়া নোট নিতে অস্বীকৃতি জানায়। এমনকি যে ব্যাংক থেকে নোট নেওয়া হয়েছে, পরবর্তীতে সেই ব্যাংকও তা গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদসহ বড় উৎসবের আগে এই সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করে। বড় অঙ্কের টাকা উত্তোলনের সময় বান্ডেলভর্তি নোটে স্ট্যাপলার পিন ব্যবহার করা হয়, যা খুলতে গিয়ে একাধিক নোট ছিঁড়ে যায়। এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ভোগান্তিও বাড়ে।

ব্যাংক কর্মকর্তারা শিক্ষিত ও সচেতন হওয়া সত্ত্বেও কেন এই অনিয়ম অব্যাহত রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল অবহেলা নয়—বরং তদারকির ঘাটতি এবং দায়িত্বহীনতার প্রতিফলন। যেখানে বিশ্বব্যাপী রাবার ব্যান্ড বা বিশেষ কাগজের স্ট্রিপ ব্যবহার করে নিরাপদে নোট সংরক্ষণ করা হয়, সেখানে বাংলাদেশে এখনো পুরোনো এবং ক্ষতিকর পদ্ধতি চালু রয়েছে। অর্থনীতিবিদদের মতে, একটি নোট উৎপাদনে সরকারের উল্লেখযোগ্য ব্যয় হয়। স্ট্যাপলার পিনের কারণে নোট দ্রুত অচল হয়ে গেলে নতুন নোট ছাপাতে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়, যা সামগ্রিকভাবে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। নিয়ম জারি করেই দায়িত্ব শেষ নয় তা বাস্তবায়নে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ গ্রাহকদের দাবি, অবিলম্বে স্ট্যাপলার ব্যবহার বন্ধ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি চালু করা হোক। পাশাপাশি যেসব ব্যাংক এই নির্দেশনা অমান্য করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। নোট সংরক্ষণে সামান্য অবহেলাই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই ক্ষতি বহুগুণে বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
