নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাৎসরিক ৬০ ঘন্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। নারায়ণগঞ্জ জেলার সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়া সহজতর করা এবং সেবাদাতাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাৎসরিক ৬০ ঘন্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণে উপস্থিত কর্মকর্তা, প্রশিক্ষক ও সহকর্মীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সরকারের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নের প্রধান হাতিয়ার আপনারা – মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে, নাগরিকের চাহিদা বাড়ছে, আইন-বিধিও হালনাগাদ হচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মেলাতে আমাদের দক্ষতা, মনোভাব ও সেবার মানও প্রতিনিয়ত উন্নত করতে হবে। সে কারণেই বাৎসরিক এই ৬০ ঘন্টার অভ্যন্তরীণ প্রশিক্ষণ। তিনি বলেন, এই প্রশিক্ষণে আমরা সেবা সহজীকরণ করব। একটি সেবা নিতে নাগরিককে যেন বারবার অফিসে আসতে না হয়, সেবা প্রক্রিয়া কীভাবে আরও কম ধাপে সম্পন্ন করা যায় তা শিখব। তথ্য-প্রযুক্তির ব্যবহারে ই-নথি, ডি-নথি, মাইগভ, হেল্পলাইন ৩৩৩, ভূমি সেবা ডিজিটাইজেশন – এসব প্ল্যাটফর্মে আমাদের দক্ষতা শতভাগ নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, এই প্রশিক্ষণে আমাদের আচরণগত দক্ষতা বৃদ্ধি পাবে। সেবাপ্রার্থী আমাদের কাছে ‘ক্লায়েন্ট’ নন, তাদের সেবক হিসেবে আমরা কাজ করে যাব – এই মনোভাব থাকতে হবে সবার মধ্যে। সেবাপ্রার্থীর প্রতি সহানুভূতিশীল আচরণ, ধৈর্য ধরে কথা শোনা ও সমস্যার সমাধান দেওয়াই আমাদের প্রধান কাজ। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা, তথ্য অধিকার আইন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রশিক্ষণ শেষে আপনারা প্রত্যেকে নিজ নিজ ডেস্ককে একটি ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে’ পরিণত করতে পারবেন। নারায়ণগঞ্জের একজন সাধারণ মানুষও যেন বলতে পারে – ‘ডিসি অফিসে গেলে কাজ হয়, হয়রানি হয় না’। সেটাই হবে আমাদের সফলতা। পরিশেষে তিনি বলেন, প্রশিক্ষণের প্রতিটি সেশন আমরা মনোযোগ দিয়ে গ্রহণ করি এবং অর্জিত জ্ঞান আগামীকাল থেকেই মাঠে প্রয়োগ করি। উজ্জ্বল বাংলাদেশ বিনির্মাণে গর্বিত সেবক হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন হবে রোল মডেল -এই প্রত্যয় নিয়ে আজকের প্রশিক্ষণ খুব মনোযোগ সহকারে শুনবো, দেখবো, শিখব এবং খুব সহজেই সেবা গ্রহীতাকে সেবা পৌঁছে দেব। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক কর্মকর্তাদের জনস্বার্থে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
