হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজুসহ অন্যরা। যেসব মামলায় জামিন দেওয়া হয়েছে সেগুলো হলো বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা, পারভেজ হত্যা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা। এর মধ্যে চারটি হত্যা মামলা নিহতদের স্বজনদের করা, যা ফতুল্লা মডেল থানায় দায়ের হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক ও আশপাশের এলাকায় গুলিতে চারজন নিহত হন।
অন্য মামলাটি করেছে পুলিশ। অভিযোগে বলা হয়, আইভীর বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১২ মে সদর মডেল থানায় মামলা করা হয়, যেখানে তার সমর্থক দলীয় নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার হন আইভী। এরপর তাকে একাধিক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে রাখা হয়। একই বছরের ৯ নভেম্বর হাইকোর্টের আরেক বেঞ্চ পাঁচ মামলায় জামিন দিলেও পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।
আইনজীবীরা জানিয়েছেন, নতুন পাঁচ মামলায় জামিন পেলেও আইভী তাৎক্ষণিকভাবে মুক্তি পাচ্ছেন না। কারণ আগের দায়ের করা আরও পাঁচটি মামলা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ-এ শুনানির অপেক্ষায় রয়েছে। এসব মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার কারামুক্তি সম্ভব নয়।
আইভীর আইনজীবীদের আশা, আপিল বিভাগে শুনানি শেষে পরিস্থিতি অনুকূলে এলে ঈদের আগেই তার মুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
