সোমবার নরসিংদী, হাতিয়া, পাবনাসহ সারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়।
সরকারি তোলারাম কলেজ এর শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশন কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশার নেতৃত্বে অবস্থান কর্মসূচি হয়। ৩য় দিনের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান এবং নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম। অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ধর্ষণকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এটি সমূলে উৎপাটনে অবিলম্বে কঠোর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নরসিংদীতে ১৫ বছরের কিশোরী, রাজধানীর হাতিরঝিলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণের পর হত্যার ঘটনা প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের দাপট ও বিচারহীনতা কতটা ভয়াবহ। যখন রাষ্ট্র ও প্রশাসন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। সমসাময়িক সকল ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। প্রতিটি এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন ও কার্যকর করতে হবে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন এবং চরম রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে আমরা অবশেষে একটি নির্বাচিত সরকার পেয়েছি। আমরা বর্তমান সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক করতে চাই। সরকারকে অবিলম্বে ধর্ষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে যদি কেউ হীন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন, তবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাধারণ মানুষকে সাথে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করবে। এসময়ে অবস্থান কর্মসূচি থেকে এক ঘোষনায় বলা হয়, আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন, দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষা এবং একটি গণতান্ত্রিক ও নিরাপদ সমাজ বিনির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বর্তমান সময়ে বাংলাদেশে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। বিচারহীনতার সংস্কৃতি, আইনি দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয়-প্রশ্রয় এই সংকটকে আরও ঘনীভূত করছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তরে নারীদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। এই অস্থিতিশীল ও অনিরাপদ পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করার লক্ষে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশে ধর্ষণ ও যৌন সহিংসতা স্থায়ীভাবে নির্মূল করতে একটি শক্তিশালী ও স্বাধীন ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠন করা, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ কার্যকর করা এবং এর কার্যক্রম নিয়মিত মনিটরিং সহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১৮ দফা দাবি পেশ করা হবে। আগামীকাল ৩ মার্চ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে অবস্থান কর্মসূচি শেষ করা হবে। সংহতি জানিয়ে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি সৃজয় সাহা, সহ সাধারন সম্পাদক অপূর্ব রয়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার, সংগঠক মোঃ সোহাগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী ও নাগরিক সমাজ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
