আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ইতোমধ্যে মোতায়েন করা ১৫ প্লাটুনের পাশাপাশি নতুন করে আরও ৫ প্লাটুন পাঠিয়েছে। ফলে মহেশপুরসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এখন সর্বমোট ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্র জানায়, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অতিরিক্ত প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবি ভোটকেন্দ্রকেন্দ্রিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা বা নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহেশপুরসহ ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত ডগ স্কোয়াড। পাশাপাশি কার্যক্রম আরও কার্যকর করতে বডি ক্যামেরা ও ড্রোনের সহায়তাও নেওয়া হচ্ছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশপুর এলাকায় বিজিবির প্রস্তুতি সম্পূর্ণ। ভোটাররা যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা বজায় রেখেই নির্বাচনী দায়িত্ব পালন করা হচ্ছে এবং দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত ও তৎপর রয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
