নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, যা এখন জনমনে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে।
অভিযোগ রয়েছে, বন্দরের সিএসডি এলাকায় কামাল হোসেনের একটি পাঁচতলা বাড়ি রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের লিংক রোড সংলগ্ন রূপায়ন টাউনে তার নামে বা পরিবারের সদস্যদের নামে দুটি ফ্ল্যাট থাকার কথাও শোনা যাচ্ছে। এসব সম্পদের উৎস নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় সূত্রগুলো বলছে, ভূমি অফিসে দায়িত্ব পালনের সময় বিভিন্ন সেবা যেমন নামজারি, জমির খতিয়ান সংশোধন, রেকর্ড হালনাগাদ নিয়ে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। সেবা নিতে আসা অনেকেই দাবি করেছেন, নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ ছাড়া কাজ এগোয় না।
এছাড়া অভিযোগ উঠেছে, বিগত সময়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি শামীম ওসমান এর ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন কামাল হোসেন। এই পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা অর্জন করেছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা কামাল হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এদিকে সচেতন মহল বলছে, এ ধরনের অভিযোগ সঠিকভাবে তদন্ত করা জরুরি। তারা মনে করছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি নিরপেক্ষ তদন্ত করে, তবে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং এর মাধ্যমে জনসাধারণের আস্থা ফিরবে। স্থানীয়দের দাবি, কামাল হোসেনের সম্পদের উৎস যাচাই করা হোক, সংশ্লিষ্ট ভূমি অফিসে চলমান অনিয়ম তদন্ত করা হোক, দালালচক্র ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
সরকারি দায়িত্বে থেকে কেউ যদি অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তোলেন তবে তা শুধু আইনের লঙ্ঘনই নয়, জনগণের সঙ্গে প্রতারণাও। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনই এখন সময়ের দাবি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
